বিএনপির ১০ দফা অসাংবিধানিক অস্বাভাবিক জংলি সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতি : জাসদ

প্রকাশিত December 11, 2022
বিএনপির ১০ দফা অসাংবিধানিক অস্বাভাবিক জংলি সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতি : জাসদ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে ঘোষিত ১০ দফাকে সংবিধান, আইন ও আদালতের কবর দিয়ে অসাংবিধানিক অস্বাভাবিক জংলি সরকার আনা এবং সর্বোচ্চ আদালত কর্তৃক যুদ্ধাপরাধ, জঙ্গিবাদী সন্ত্রাস ও দুর্নীতির অপরাধে সাজাপ্রাপ্তদের পক্ষাবলম্বনের কালো দলিল বলে আখ্যায়িত করেছেন।
রবিবার এক বিবৃতিতে তারা বলেন, ১০ দফা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করলো যে, তারা দেশকে সংবিধানের বাইরে ঠেলে ফেলে দিয়ে অসাংবিধানিক অস্বাভাবিক জংলি সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতির পথই আঁকড়ে ধরে আছে। তাদের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধ, জঙ্গিবাদী সন্ত্রাস ও দুর্নীতির বিচার বন্ধ করা। সর্বোচ্চ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের মুক্ত করা। বিএনপি সংবিধান, আইন, আদালত কোনো কিছুরই তোয়াক্কা করে না।
জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দেশে সাজাপ্রাপ্ত হয়ে কোনো আলেম, ওলামা, ইসলামী চিন্তাবিদ ও ইসলাম ধর্ম প্রচারক বন্দি নেই। যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদী সন্ত্রাসের সুনির্দিষ্ট অভিযোগে প্রকাশ্য আদালতে সাজাপ্রাপ্ত এবং দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সাজা নিশ্চিত হয়ে যারা বন্দি আছে তারা কেউই প্রকৃত আলেম, ওলামা, ইসালামী চিন্তাবিদ ও ইসলাম ধর্ম প্রচারক নয়। তারা ধর্মের অপব্যবহারকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী। কোনো যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী সন্ত্রাসী ও রাজনৈতিক নেতা ধর্মের মনগড়া ব্যাখা বা অপব্যাখ্যা দিয়ে ওয়াজ করলেই আলেম বা নিরপরাধী হয়ে যায়না। দেশের কেউই আইন আদালতের উর্ধে নয়। মসজিদের ইমাম বা মাদরাসার প্রিন্সিপাল বা ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাও আইন-আদালতের উর্ধে নন।
জাসদ নেতৃবৃন্দ বলেন, দেশের সর্বোচ্চ আদালতে সুনির্দিষ্ট রায়ের পর বিচার বিভাগকে সম্পৃক্ত করে পুরাতন ধাঁচের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। এরপরও পুরাতন ধাঁচের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও আরপিও বাতিল করার দাবি তুলে বিএনপি সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে সংঘাত-সংঘর্ষের মাধ্যমে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে জলঘোলা করার পথে যাবারই ইংগিত দিয়েছে।
জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ক্ষমতা পুনর্দখলের আন্দোলনের ১০ দফায় চলমান বৈশ্বিক সংকট মোকাবেলা করে জাতীয় অর্থনীতি সচল রাখা, মানুষের আয় ও জীবিকা রক্ষাসহ জনজীবনে স্বস্তি বজায় রাখার কোনো প্রস্তাব নেই। বিএনপি সরকারের সময় দফায় দফায় বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও পানির দাম অযোক্তিকভাবে বাড়িয়েছিল। বিএনপি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতেও পারেনি। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাও বাড়াতে পারেনি।
তারা বলেন, বিএনপির আমলেই রাজনৈতিক বিবেচনায় ব্যাংক চালু ও পরিচালক নিয়োগ শুরু হয়। দেশের ব্যাংকিং ও আর্থিক খাত বিএনপির চালু করা দুষ্টচক্রের অশুভ প্রভাব থেকে এখনও মুক্ত হতে পারছে না। বিএনপি যতবার ক্ষমতায় ছিল ততবারই বিচারবহির্ভুত হত্যাকাণ্ডকে ‘ইনডেমনিটি’ দিয়েছে। বিএনপির আমলে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীগুলোকে হাওয়া ভবনের অধীনস্থ করা হয়েছিল। বিএনপি ক্ষমতায় গেলে নিজদের তোলা দাবি যে ভুলে যায়, তার প্রমাণ হলো জিয়া, খালেদা জিয়া ও ইয়াজউদ্দিন সরকার ক্ষমতায় থাকাকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল করেনি।
হাসানুল হক ইনু ও শিরীন আখতার বিবৃতিতে বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক ‘পার্টনার’দের ষড়যন্ত্রের রাজনীতি সম্পর্কে সজাগ থাকা এবং বাংলাদেশ বিরোধী এই ষড়যন্ত্রের রাজনীতি মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার জন্য জাসদ ও ১৪ দলসহ দেশপ্রেমিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও শুভবুদ্ধিসম্পন্ন সকল ব্যক্তি, মহল, গোষ্ঠী ও শক্তির প্রতি আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি