নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, বাংলাদেশকে খাদ্যে আত্মনির্ভরশীল করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। প্রবর্তন করেছিলেন সমবায় পদ্ধতি; কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্টের নির্মম হত্যাযজ্ঞের পর দেশকে পরিকল্পিতভাবেই পরনির্ভরশীল করে রাখা হয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার কৃষি বিপ্লব শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সিলেট জেলার কৃষক ও পতিত জমির মালিকদের উদ্বুদ্ধ করণে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আবার কৃষিকে আত্মনির্ভরতার পর্যায়ে আনতে প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে বিনামূল্যে সার ও ধানের বীজসহ বিভিন্ন ফসলের বীজ এবং ৭০ ভাগ ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি, ধান কাটার মেশিন ও মাড়াইকল দেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী বারবার সকল জমি চাষের আওতায় নিয়ে আসতে নির্দেশ দিচ্ছেন। জানিয়ে দিয়েছেন দেশের ১ ইঞ্চি জায়গা যেন খালি না থাকে। বৈশ্বিক রাজনৈতিক সংকটের কারণে ভবিষ্যতের দুর্যোগ মোকাবেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই।
জেলা প্রশাসক পরে কৃষকদের মাঝে সরিষা বীজ বিতরণ করেন।
উল্লেখ্য, সিলেট জেলায় এ বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪০ হাজার হেক্টর; কিন্তু ৩ হাজার হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে।
আমন ধান কাটার পর বোরো ধান রোপণের আগে স্বল্পকালীন সময়ে পতিত জমিগুলোতে সরিষা চাষের জন্য উপজেলা পররিষদ চেয়ারম্যান ও ইউএনওর মাধ্যমে প্রত্যেক উপজেলায় বীজ বিতরণ করা হচ্ছে।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি