নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে একাত্তরে প্রিয় জন্মভূমির স্বাধীনতার জন্যে জীবনবাজি রাখা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বর্ণাঢ্য আয়োজনে এবারও বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে সিলেট সেনানিবাসে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে ২০৫ বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। প্রধান অতিথির বক্তব্য দেন জেনারেল অফিসার কমান্ডিং-জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি-বার, এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল।
তিনি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্রবাহিনী জাতীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, সন্ত্রাস ও জঙ্গি দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে।
সশস্ত্রবাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আধুনিকায়ন, সম্প্রসারণ ও যুগোপযোগী করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সামরিক সরঞ্জাম দিয়ে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে বর্তমান সরকার আন্তরিক রয়েছে।
মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।