নিজস্ব প্রতিবেদক : পরম করুণাময় আল্লাহতায়ালার দরবারে অশ্রুঝরা মুনাজাতে অগণিত মানুষের ‘আমিন’ ধ্বনিতে সিলেটে স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত আজিমুশ্বান ইজতেমা সফল সমাপ্তি হলো।
সংগঠনের ৭৭ বছর পূর্তি উপলক্ষে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচকে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে আয়োজিত দুদিনব্যাপী ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধলক্ষাধিক মুসল্লির সমাগম হয়।
বৃহস্পতিবার বাদ ফজর শুরু হয় এ আজিমুশ্বান ইজতেমা আর শুক্রবার সকাল ১০টায় আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভীর আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
ইজতেমায় ইসলামী জীবনযাপন অনুসরণ ও আত্মশুদ্ধি অর্জন বিষয়ে বয়ান পেশ করেন দেশের শীর্ষস্থানীয় শতাধিক ওলামা-মাশায়েখ ও বুদ্ধিজীবীগণ। বহির্বিশ্বের একাধিক ইসলামিক স্কলারও এতে অংশগ্রহণ করেন।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী বলেন, নিজের ও পরিবারের ঈমান-আমলের পরিশুদ্ধির জন্য ঘরে ঘরে তালীম তথা দ্বীনি শিক্ষার চর্চা চালু করলে এবং মসজিদে, কর্মক্ষেত্রে ও আবাসস্থলে দ্বীনি তালীমের চর্চা জারি থাকলে মুসলমানদের ঈমান-আমল সংরক্ষিত থাকবে। কেউ বিভ্রান্ত করতে পারবে না।
তিন বলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এ অঞ্চলের প্রাচীনতম একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন। সাধারণ মানুষকে দ্বীন-ঈমানের তালীম দেওয়া এবং তাদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে তোলাই এর প্রধানতম কর্মসূচি।
প্রচলিত রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী বলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়, কাউকে ক্ষমতা থেকে নামানোর এজেন্ডাও এ সংগঠনের নেই। এ সংগঠন দলমত নির্বিশেষে সকল মানুষকে এক আল্লাহর দাওয়াত দেওয়া এবং তার আদেশ-নিষেধ পালনে উদ্বুদ্ধ করার কাজেই একনিষ্ঠভাবে কাজ করে থাকে।
দেশের সর্বস্তরের মুসলিম জনতার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলামের কর্মসূচি বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দেশের প্রতিটা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের শাখা কমিটি গঠনের কাজ চলমান। আল্লাহর ওলীদের বরকতমণ্ডিত এ সংগঠনের বিস্তার-প্রসারে সকলের সহযোগিতা দরকার।
আখেরি মুনাজাতে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। এতে অংশ নিয়ে আল্লাহর রহমত কামনায় মুসল্লিরা অশ্রুসিক্ত হয়ে পড়েন।
বিশাল এ ইজতেমায় উপস্থাপনায় ছিলেন আয়োজক সংগঠনের যুগ্মমহাসচিব হাফিয মাওলানা শেখ সা‘দ আহমদ আমীন বর্ণভী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা জাবের আল হুদা চৌধুরী ও প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী। মোট সাতটি অধিবেশনে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় শতাধিক ওলামা-মাশায়েখ বয়ান পেশ করেন। অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন সিলেটের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ। বয়ান করেন ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি সংগঠন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের মহাসচিব আল্লামা সাইয়্যিদ মাহমুদ মাদানী, ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শাহি মুরাদাবাদ মাদরাসার প্রিন্সিপাল আল্লামা সাইয়্যিদ আশহাদ রশিদী, মাওলানা আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ, মাওলানা আব্দুর রহমান হাফিজ্জী, মোমেনশাহী, মাওলানা আব্দুল মালিক পীর সাহেব, ভোলা, মাওলানা আকরাম আলী পীর সাহেব, বাহাদুরপুর, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব, মধুপুর, জাতীয় মসজিদ বায়তুল মুকাররামের খতিব মুফতি রুহুল আমীন, ড আ ফ ম খালিদ হোসাইন, চট্টগ্রাম, ড মুশতাক আহমদ, ঢাকা, মাওলানা উবায়দুর রহমান, বরিশাল, মাওলানা আবদুল মতীন বিন হুসাইন পীর সাহেব, ঢালকানগর, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা ইসমাঈল নুরপুরী, নরসিংদী, মাওলানা নূরুল ইসলাম খান, সুনামগঞ্জী, মাওলানা হামিদ জহিরী, ঢাকা, মাওলানা মুশতাক আহমদ, খুলনা, মাওলানা মুশতাকুন নবী কাসিমী, মাওলানা নুরুল হুদা ফয়জী, বরিশাল, চট্টগ্রাম পটিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আলী আকবর কাসিমী, ঢাকা, মাওলানা আবু সাবের আবদুল্লাহ, ঢাকা, মাওলানা আহমদ মায়মূন, ঢাকা, মাওলানা আহমদ আলী কাসিমী, ড. শহীদুল্লাহ উজানী, অধ্যক্ষ মিজানুর রহমান পীর সাহেব, দেওনা, মাওলানা শামসুদ্দীন কাসিমী, জামালপুর, মাওলানা মুজিবুর রহমান হামিদী, ঢাকা, মাওলানা মুহাম্মদ আলী, সিরাজগঞ্জ, মাওলানা ইমাম হুসাইন, সিরাজগঞ্জ, মুফতি ফয়জুল্লাহ, ঢাকা, মাওলানা আব্দুল বাসিত খান, সিরাজগঞ্জ, মুফতি আবুল বাশার নুমানী, ঢাকা, মুফতি জসিম উদ্দীন, ঢাকা ও মাওলানা জুবায়ের আহমদ,ঢাকা। এ ছাড়াও শীর্ষস্থানীয় আরও অনেক উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বয়ান পেশ করেন নায়বে আমীর মাওলানা সাঈদুর রহমান বর্ণভী, নায়বে আমীর মাওলানা ওলীউর রহমান বর্ণভী, নায়বে আমীর মাওলানা আবদাল হোসেন খান, নায়বে আমীর মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী ও মহাসচিব মাওলানা অধ্যাপক আব্দুস সবুরসহ কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, নাজাত ইসলামী মারকাযের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী প্রমুখ।
উল্লেখ্য, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রিটিশ উপনিবেশবাদের সময়কালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪ খ্রিষ্টাব্দে বাংলার খ্যাতিমান বুযুর্গ খলীফায়ে মাদানী কুতবে দাওরান হযরত লুৎফুর রহমান বর্ণভী (পীর সাহেব বরুণা) সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে এ সংগঠন মানবতার কল্যাণ, মুসলমানদের দ্বীন-ঈমানের সংরক্ষণ ও মানবিক মূল্যবোধের উজ্জীবনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি