জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাসির উদ্দিন খান

প্রকাশিত November 18, 2022
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাসির উদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সর্বক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
তিনি আরও বলেছেন, ‌’জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একজন কর্মী হিসেবে আওয়ামী লীগের মিশন ও ভিশন বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।’
এ ক্ষেত্রে নতুন জেলা পরিষদ চেয়ারম্যান অন্যান্য মহলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।
বৃহস্পতিবার দুপুরে মহানগরীর তালতলায় গুলশান সেন্টারে সিলেটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ছাত্রজীবন থেকে শুরু করে এ পর্যন্ত তার এগিয়ে চলায় সিলেটের সাংবাদিকদের সহযোগিতার কথা স্মরণ করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, জেলা সহসভাপতি, পিপি অ্যাডভোকেট মো নিজাম উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, ইমজার সহসভাপতি দ্বিগেন সিংহ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতেন ফয়সল প্রমুখ।