নির্বাচনের তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের-বিএনপির নয় : হবিগঞ্জে মান্নান

প্রকাশিত November 12, 2022
নির্বাচনের তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের-বিএনপির নয় : হবিগঞ্জে মান্নান

হবিগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, নির্বাচন কখন বা কোনদিন হবে সেটা নির্ধারণ করার এখতিয়ার নির্বাচন কমিশনের-বিএনপির নয়।
তিনি আরও বলেছেন, অমুক তারিখে, তমুক তারিখে নির্বাচন দেওয়ার দাবি তোলা নিছক রাজনৈতিক বক্তব্য। হয়তো কাউকে খুশি করার জন্য বলা হচ্ছে; কিন্তু সবকিছু সংবিধানের বিধান মতোই হবে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আওয়ামী লীগ গত কয়েক বছরে উন্নয়নের যে ধারা বহমান রেখেছে তা প্রতিহত করা কারও জন্যই মঙ্গলের হবেনা। জনগণ বাধা দেওয়ার অপচেষ্টা প্রতিহত করবে।
শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির, সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম। সাংবাদিকদের পক্ষে অনুষ্ঠানে বক্তৃতা করেন মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও মো ফজলুর রহমান।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে পৌরসভা আয়োজিত এক মতবিনিময় সভায় যোগদান করেন।
পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে মতবিনিময়কালে পরিকল্পনা মন্ত্রী পৌরসভার উন্নয়নে একটি বড় প্রকল্প গ্রহণের আশ্বাস দেন।