উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের চাঞ্চল্যকর লিটন মিয়া (৪৮) হত্যামামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার হয়েছে। এ নিয়ে এজাহারে নামোল্লেখিত সবাই গ্রেফতার হলো।
সর্বশেষ গ্রেফতারকৃতরা হলো উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের কসবা গ্রামের কাছু মিয়ার ছেলে জোবেল মিয়া ও তার বড় ভাই রুবেল মিয়া, কসবা গ্রামের রকবুল মিয়ার ছেলে জিলকার মিয়া ও রজব আলীর ছেলে মোজাহিদ মিয়া।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব মঙ্গলবার ও বুধবার দুই দিনে মামলার প্রধান আসামি জোবেল মিয়া ও তার ভাই রুবেল মিয়াকে র্যাবের সহায়তায় বান্দরবান থেকে গ্রেফতার করেন। জিলকার মিয়াকে নেত্রকোনা থেকে ও মোজাহিদ মিয়াকে বানিয়াচং উপজেলার তাজপুর থেকে গ্রেফতার করা হয়।
অন্য দুই আসামি পাহারাদার কসবা গ্রামের আব্দুল আলী ও উমরপুর গ্রামের বুলকি মিয়াকে ঘটনার পরপর পুলিশ গ্রেফতার করে। এ দুজন কারাগারে আছে। মামলার এজাহারে উল্লেখিত মোট ৬ আসামির সবাইকে গ্রেফতার করা হলো।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, লিটন মিয়া ইনাতগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। গত ১৫ সেপ্টেম্বর সকালে তিনি দোকানে আসার উদেশ্যে বাড়ি থেকে বের হন; কিন্তু আর বাড়ি ফিরেননি।
মামলার বাদি সালেহ আহমদ জানান, কসবা গ্রামের জোবেল মিয়ার সঙ্গে তার ভাই লিটন মিয়ার টাকা নিয়ে বিরোধ ছিল। এই সন্দেহ থেকে ১৬ সেপ্টেম্বর কসবা বাজারে জোবেল মিয়ার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান মাজহারুল অটোপার্টস এন্ড ইলেক্ট্রনিকসকে গিয়ে তিনি তার ভাইয়ের ব্যাপারে জানতে চাইলে সেখান থেকে কোন তথ্য দিতে অস্বীকার করা হয়।
১৭ সেপ্টেম্বর সকাল ৬টায় কসবা জামে মসজিদের পাশে একটি ডোবায় লিটন মিয়ার মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী তার বাড়িতে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে সিসি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়।
এ ব্যাপারে নিহত লিটন মিয়ার ছোট ভাই সালেহ আহমদ বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। প্রথম দফা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওসার আলম। তার বদলিজনিত কারণে মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন এসআই রাজিব।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকল আসামিকে গ্রেফতার করা হয়েছে। এবার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।