সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের চরিত্রের মধ্যে গণতন্ত্র নেই। তাদের কাঠামোর মধ্যেও গণতন্ত্র নাই। স্বাধীনতার পরে তারা একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। এখন আবার ১৪ বছর ধরে উপরে গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। মানুষ মুখ খুলে কথাও বলতে পারছেনা। তারা সাংবিধানিক অধিকার মতপ্রকাশের স্বাধীনতাও কেড়ে নিয়েছে। দেশের মানুষ এটা মেনে নেবে না।
তিনি আরও বলেছেন, বিএনপির আন্দোলন জনগণের জন্যে, জনগণের ভোটের অধিকার, বাঁচার অধিকার ও মতপ্রকাশের অধিকারের জন্য। এই আন্দোলন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করার জন্য। এই আন্দোলন তারেক রহমানের নির্বিঘ্নে স্বদেশ প্রত্যবর্তন নিশ্চিত করার জন্য। এই আন্দোলন নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। তাই আগামী ১৯ নভেম্বর বিভাগীয় গণসমাবেশে সিলেটবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে কড়া বার্তা দিতে হবে।
শুক্রবার বিকেলে সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে গোলাপগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতিসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগ মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে দেশকে দেউলিয়ার পর্যায়ে নিয়ে এসেছে।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা মামুন রশিদ মামুন, ইসতিয়াক আহমমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অন্যতম নেতা কামরুল হাসান শাহীন, গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, নেমান উদ্দিন মুরাদ, মনিরুজ্জামান উজ্জ্বল, অ্যাডভোকেট সাঈদ আহমদ প্রমুখ।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত প্রচার মিছিল ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, ফালাকুজামান জগলু, তাজরুল ইসলাম তাজুল, সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ, অন্যতম নেতা মাহবুবুল হক, মনিরুল ইসলাম তোরন, লোকমান আহমেদ, নিজাম উদ্দিন তরফদার ও মাহমুদ আলী।–সংবাদ বিজ্ঞপ্তি