নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আওয়ামী লীগ সরকার কি করেছে আর আগামী দিনে কি করতে চায় তা দেশের সাধারণ মানুষকে জানাতে হবে।
রবিবার বিকেলে মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম দিনব্যাপী এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিশেষ অতিথি ছিলেন, সভাপতিমণ্ডলীর অপর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, নির্বাহী সদস্য ডা মুশফিক হুসেন চৌধুরী ও আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনতার সুফল না পায় সে জন্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এখনও ষড়যন্ত্র চলছে। তাই সকলকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, অনেক চক্রান্ত-ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন বাঙালি জাতি অসাধ্য সাধন করতে পারে।
বিশেষ অতিথি জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির শাসনামলে মানুষের উপর যে জুলুম-অত্যাচার করা হয়েছিলো তা কেউ ভুলে যায়নি।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না; কিন্তু শেখ হাসিনা উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী বলেই মির্জা ফখরুল ইসলামরা নির্বিঘ্নে বাড়িতে ঘুমাচ্ছেন।
নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগের প্রাণশক্তি হচ্ছে জনগণ। সামনে কঠিন সময় আসছে। জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করতে হবে।
মাহবুবুল আলম হানিফ বলেন, জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন সেটা নিজেই প্রমাণ করে গেছেন।
বিএনপির ধ্বংসাত্মক কার্যকলায় কঠোর হাতে দমন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।