কর্মসংস্থানে বিদেশে যেতে হবে দক্ষ জনশক্তি হিসেবে বৈধ পথে : জেলা প্রশাসক

প্রকাশিত November 6, 2022
কর্মসংস্থানে বিদেশে যেতে হবে দক্ষ জনশক্তি হিসেবে বৈধ পথে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, মানুষ কর্মসংস্থানে বিদেশে যাবে সেটা খুবই স্বাভাবিক। তবে যেতে হবে দক্ষ জনশক্তি হিসেবে বৈধ পথে। না হলে যেমনি নিজের ও পরিবারের তেমনি দেশের ক্ষতি হতে পারে। এমনকি প্রাণহানির মতো দুঃখজনক পরিণতির আশংকাও আছে। ইতোমধ্যে অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে বিভিন্ন দেশে। আর যেন কাউকে এমন পরিণতির শিকার হতে না হয়।
রবিবার সকালে ব্র্যাকের সোশিও-ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ (২য় পর্যায়) প্রকল্পের ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সরকার বিদেশ যেতে আগ্রহীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেব গড়ে তুলতে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এসব প্রতিষ্ঠানে সুযোগ রয়েছে বিদেশী ভাষা শেখারও। এছাড়া ব্র্যাক সহ বিভিন্ন বেসরকারি সংস্থাও নানা সুযোগ করে দিচ্ছে।
তিনি সরকারি-বেসরকারি সুযোগ সম্পর্কে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে আরও বেশি করে জানানোর এবং জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।
জেলা প্রশাসক ব্র্যাকের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়ে বলেন, করোনা সহ নানা দুর্বিপাকে পড়ে দেশে ফেরৎ আসা প্রবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো মামুনুর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। তথ্যচিত্র উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার তৌসিফ আহমেদ কোরেশি। অন্যদের মধ্য বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি ফালাউদ্দিন আলী আহমদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহিন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান, শাহপরান থানা শাখার সদস্য সাজ্জাদ আহমদ সাজু, কালেক্টরেট মসজিদের ইমাম হাফিজ শাহ আলম প্রমুখ।