নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার, ৩ নভেম্বর জেলহত্যা দিবস। বাঙালির ইতিহাসে একটি কলঙ্কিত দিন। ১৯৭৫ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিততে হত্যা করা হয়।
বঙ্গবন্ধুর হত্যাকারী খন্দকার মোশতাক আহমদ ও অন্যান্য ঘাতক পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটায়। এভাবে কারাগারে জাতীয় নেতাদের হত্যার নজির পৃথিবীর ইতিহাসে আর নেই।
প্রতিবছরের ন্যায় এবারও জাতি বঙ্গবন্ধুর অবর্তমানে মহান মুক্তিযুদ্ধে সফল নেতৃত্বদানকারী শহীদ চার নেতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। এ উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে রয়েছে দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বাদ জোহর হযরত শাহজালাল (র) মাজার মসজিদে দোয়া মাহফিল।
কর্মসূচিতে সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান অনুরোধ জানিয়েছেন।