বিএনপির গণসমাবেশে যেতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি মুক্তাদিরের আমন্ত্রণ

প্রকাশিত November 1, 2022
বিএনপির গণসমাবেশে যেতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি মুক্তাদিরের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তাদের গণসমাবেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেছেন, তারা যেসব দাবিতে গণসমাবেশ করবেন সেগুলো শুধু বিএনপির দাবি নয়, এসব দাবি দেশের জনগণের৷ তাই তাদের সমাবেশে গিয়ে সরকার দলের নেতাকর্মীরা দাবিগুলো যেন শুনেন আর জনগণের ভাষা বুঝেন।
খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন, বিএনপির গণসমাবেশের গুরুত্ব সাধারণ মানুষ বুঝে গেছে বলেেই স্বতঃস্ফূর্তভাবে তাতে অংশ নিচ্ছে। প্রতিটি গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে।
মঙ্গলবার সকালে মহানগরীর দরগা গেইটে শহীদ সুলেমান হলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আগামী ২০ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় তাতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সহসম্পাদক আব্দুর রাজ্জাক ও নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আগামী ২০ নভেম্বর সিলেট হবে জনসমুদ্রের শহর। এই সমাবেশ থেকেই সরকারের বিদায় ঘন্টা বেজে যাবে ইনশাআল্লাহ।
প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার, সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও সাবেক যুগ্মসম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি