দারুল উলুম করাচি পাকিস্তানের সহকারী মুফতি সিলেটের কৃতি সন্তান আল্লামা আব্দুল মান্নান বলেছেন, ইসলামী শরীয়তে মানবকল্যাণে অনেক শাস্ত্র রয়েছে। এ সবের প্রয়োগ ও ব্যবহার ক্ষেত্র বিশেষে; কিন্ত ইলমে ফিকাহর প্রয়োগ ও ব্যবহার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বিস্তৃত। ইলমে ফিকাহ স্বাস্থ্য, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, আইন, বিচার, ব্যবসা-বাণিজ্য, ইবাদত-বন্দেগী, খেলাধুলা, লেনদেন, সাহিত্য-সংস্কৃতি, বিনোদন, জীবন, মরণ, সমাজনীতি, রাজনীতি ও অর্থনীতিসহ সকল বিষয়ে একটি পরিপূর্ণ শাস্ত্রের নাম।
শনিবার, ২৯ অক্টোবর সন্ধ্যায় সিলেট মহানগরীর তালতলায় হোটেল গুলশানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মহানগর শাখার উদ্যোগে ‘ইসলামে ফিকাহর পরিধি, ফতোয়ার ক্ষেত্র ও প্রয়োগ প্রদ্ধতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লামা আব্দুল মান্নান আরও বলেন, বিশ্বের ৮০ ভাগ মুসলমান ফিকাহে হানাফির মাধ্যমে জীবন পরিচালনা করে আসছেন; কিন্ত পরিতাপের বিষয় যে, একটি মহল উঠেপড়ে লেগেছে কিভাবে ফিকাহে হানাফিকে স্তব্ধ করা যায়। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে বিতর্ক ও প্রতিবাদ না করে বুদ্ধিবৃত্তিক দালিলিক জবাব ও বিজ্ঞ ইসলামী বিশেষজ্ঞ তৈরি করা সময়ের দাবি।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে লন্ডন ভিত্তিক ইকরা টিভির ভাষ্যকার ও জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের মহাপরিচালক মুফতি আব্দুল মুনতাকিম বলেন, ফিকাহ বা ইসলামী আইনশাস্ত্র মানবজীবনের সকল বিষয়ে ইসলামী শরীয়তের বিধান জানার একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম। কুরআন ও হাদিসের মৌলিক বিধানগুলোর প্রায়োগিক রূপ হচ্ছে ফিকাহ। পৃথিবীর ইতিহাসে একমাত্র লিখিত সংবিধান যেমনিভাবে ইসলামের নবী মুহাম্মদ (সা) এর লিখিত মদিনা সনদ তেমনিভাবে পৃথিবীতে একমাত্র লিখিত পূর্ণাঙ্গ জীবনযাপনের নীতিমালা বা আইন কানুন হচ্ছে ইসলামী ফিকাহ। মহানবী (সা)-এর সাহাবায়ে কেরামগণের সময় থেকে কুরআন ও হাদিসের গবেষণা করে জীবনের সমস্যার সমাধান বের করে আমল করেছেন সাহাবা ও তাবইগণ। এর ধারাবাহিকতায় সাহাবায়ে কেরামগণের ছাত্ররা কুরআন হাদিস গবেষণা করে ইসলামী আইন কানুনের লিখিত রূপ প্রণয়ন করেছেন। যুগে যুগে মানবজীবনের সমস্যার সমাধান পাওয়ার জন্য কুরআন-সুন্নাহর গবেষক আলেমগণ এই শাস্ত্র চর্চা করছেন এবং সমাধান দিয়ে আসছেন। তাই এটা মুসলমানদের ঐতিহ্য ও ইসলামের একটি গৌরবময় বৈশিষ্ট্য।
সেমিনারে অন্যান্য বক্তা ইলমে ফিকাহর প্রতিষ্ঠানগুলোর গুণগতমান বৃদ্ধি, সকল ইফতা বিভাগের চূড়ান্ত পরীক্ষা কোনো বোর্ডের অধীনে নেওয়া, সিলেটের দাওরা হাদিস সম্পন্নকারী ছাত্রদের সিলেটেই কিভাবে উচ্চতর গবেষণা-ইফতা বিভাগে করার সুযোগ দেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া এবং সিলেটের শীর্ষস্থানীয় মুফতিয়ানে কেরাম দ্বারা পরিচালিত একটি সর্বোচ্চ ফাতওয়া বোর্ড গঠন করার বিষয়ে ইমাম সমিতির প্রতি প্রস্থাবনা উপস্থাপন করেন।
শাখা সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দরগা মাদরাসার মুফতি ও মুহাদ্দিস মাওলানা আবুল খায়ের বিথঙ্গলী, সিলেট সরকারি আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল মুছাব্বির, কাজির বাজার মাদরাসার মুফতি মাওলানা সিদ্দিক আহমদ চিশতি, মদিনাতুল উলুম খাসদবির মাদরাসার সহকারী শায়খুল হাদিস মাওলানা মাশুক আহমদ সালামী, জামেয়া ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা ফখরুজ্জামান, জামেয়া দারুল কুরআন মাদরাসার মুফতি মাওলানা বুরহান উদ্দিন, নয়াসড়ক মাদরাসার মুফতি মাওলানা যুবায়ের আহমদ, জামেয়া শারইয়া মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা ইয়াহইয়া, জামেয়া দারুল হুদা সিলেটের মুফতি মাওলানা কামাল উদ্দিন সুরইঘাটি, জামেয়া ধনুকান্দি মাদরাসার মুফতি মাওলানা ইলিয়াছ, জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের পরিচালক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির ও জাতীয় ইমাম সমিতির জেলা সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া।
জাতীয় ইমাম সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি মাওলানা আব্দুর রহমান শাহজাহান ও প্রচার সম্পাদক মাওলানা মাসুম আহমেদের যৌথ পরিচালনায় সেমিনারে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা কারী আবিদ হাসান। সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানি।
সেমিনারে সিলেটের বিভিন্ন মাদরাসার প্রতিনিধি, ইমাম সমিতির নেতৃবৃন্দ এবং চিকিৎসক ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি