দুর্যোগ মোকাবেলায় স্কাউটরাই এগিয়ে আসে সবার আগে : সিলেটের বিভাগীয় কমিশনার

প্রকাশিত October 24, 2022
দুর্যোগ মোকাবেলায় স্কাউটরাই এগিয়ে আসে সবার আগে : সিলেটের বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, যেকোন দুর্যোগকালে স্কাউটরাই সবার আগে এগিয়ে আসে। করোনার মতো দুঃসময়ে যখন ভাই ভাইয়ের মরদেহ গ্রহণ করতে রাজি হয়নি তখন স্কাউটরা জীবনবাজি রেখে মরদেহ দাফনসহ অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছে।
সোমবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস ও ইউএনডিপির যৌথ উদ্যোগে পরিচালিত ‘ক্লিনিং এন্ড গ্রিনিং প্রোগ্রাম’ উদ্বোধন করে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক মুবিন আহমদ জায়গীরদারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, জাতিসংঘের প্রতিনিধি অসীম সেরেস্তাদার, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদ হোসেন, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (সংগঠন ও বিধি) নীহার কান্তি রায়, আঞ্চলিক উপকমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) তানিয়া আহমেদ, বাংলাদেশ স্কাউটস, সিলেট মেট্রো জেলা সম্পাদক মো জিয়াউর রহমান, সিলেট মেট্রো স্কাউট লিডার অসীম রঞ্জন তালুকদার ও আঞ্চলিক কার্যালয়ের অফিস সুপার অজয় কুমার দে।
উদ্বোধন অনুষ্ঠানের পর সিলেট জেলা রোভার, সিলেট মেট্রোপলিটন স্কাউটস ও সিলেট রেলওয়ে স্কাউটসের শতাধিক স্কাউট ও গার্ল স্কাউট পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড রমা বিজয় সরকার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।-সংবাদ বিজ্ঞপ্তি