সোমবার জেলা পরিষদ নির্বাচন || সিলেট ও মৌলভীবাজারে প্রতিদ্বন্দ্বিতা কেবল সদস্য পদে

প্রকাশিত October 16, 2022
সোমবার জেলা পরিষদ নির্বাচন || সিলেট ও মৌলভীবাজারে প্রতিদ্বন্দ্বিতা কেবল সদস্য পদে

এ এস কাঁকন, মৌলভীবাজার : আগামীকাল সোমবার, ১৭ অক্টোবর সারাদেশে জেলা পরিষদ নির্বাচন। নির্বাচন সিলেট বিভাগের ৪ জেলায়ও। তবে সিলেট ও মৌলভীবাজারে কেবল সদস্য পদে। কারণ ইতোমধ্যে এ দুই জেলায় আওয়ামী লীগ প্রার্থী দলের জেলা সাধারণ সম্পাদক যথাক্রমে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মিছবাহুর রহমান (সদ্য সাবেক চেয়ার‌ম্যান) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।
সকাল ৯টায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিরতিহীন দুপুর ২টা পর্যন্ত। ভোটার সাধারণ মানুষ নন। ভোট দেবেন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাই আগাম ফলাফল আন্দাজ করা কঠিন। তবে চেয়ারম্যন ও সদস্য প্রার্থী সবাই জয়ের আশা করছেন।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী শনিবার দিনগত মধ্যরাত থেকে সবধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যায়।
তবে ভোটপ্রার্থনা থেমে থাকেনি। যে যার মতো করে চালিয়ে গেছেন চুপিসারে। নির্বাচনের শেষ রাতকে বলা হয় ‘কালরাত’। সাধারণ্যে ধারণা, এ রাতেই ফলাফল নির্ধারিত হয়ে যায়।
জেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হচ্ছে, যা হবে অনেক ভোটারের জন্যে নতুন অভিজ্ঞতা। ইভিএম নিয়ে পক্ষে-বিপক্ষে নানা কথা আছে। তবে নির্বাচন কমিশন আশা করছে, সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। ফলাফলও খুব দ্রুত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটগ্রহণ সামগ্রী। নির্বাচনী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব বুঝে নিয়েছেন।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার জেলার ৭টি উপজেলার ৭টি ওয়ার্ডের ৭টি কেন্দ্রে ১৪টি বুথে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন কমিশন কর্মকর্তারা ঢাকায় বসেই প্রত্যেকটি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করবেন।
মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ৭টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে ৭ জন। এছড়া সাধারণ সদস্য পদে শ্রীমঙ্গলে একজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে এবার মোট ভোটার ৯৫৬ জন, যারা আগামী ৫ বছরের জন্যে সদস্য পদে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন।