জনগণের মুখের ভাষা না বুঝলে পালাবার পথও খুঁজে পাবেন না : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত October 12, 2022
জনগণের মুখের ভাষা না বুঝলে পালাবার পথও খুঁজে পাবেন না : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘জোর করে ক্ষমতা কুক্ষিগত করে না রেখে সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নির্দলীয়-তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে সংসদ নির্বাচন দিন। তখন দেশের মানুষ ভোট দিতে পারবে, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশে আইনের শাসন ফিরে আসবে। এখনও সময় আছে জনগণের মুখের ভাষা বুঝুন। তা না হলে পালাবার পথও খুঁজে পাবেন না। এদেশের মানুষ অন্যায়কে কোনোদিন মেনে নেয়নি-গণতন্ত্রের বিরুদ্ধে কাউকে জয়ী হতে দেয়নি। গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে। সে লড়াই অব্যাহত আছে। দেশে গণতন্ত্র ফেরাতে প্রয়োজনে প্রাণ দিতেও প্রস্তুত আছি।’
বুধবার দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধগতি এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ৬ নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে উপজেলা সদরে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। আমরা মানুষের মৌলিক অধিকারকে ফিরিয়ে আনতে চাই।গণতন্ত্র মুক্ত করার যে আন্দোলন শুরু হয়েছে, দেশে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত সেই আন্দোলন অব্যাহত থাকবে।’
কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। বিএনপি মানুষের অধিকারকে রক্ষা করার জন্য আন্দোলন করছে। আন্দোলনের শহীদদের রক্তের বন্যায় ‘ফ্যাসিস্ট’ সরকার ভেসে যাবে ইনশাআল্লাহ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আশিক চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, শামীম আহমদ, শাহাব উদ্দীন, কোহিনুর আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, গোলাম রব্বানী, অ্যাডভোকেট মুমিনুল ইসলাম, সুরমান আলী, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আজিজুল হোসেন আজিজ, আলতাফ হোসেন সুমন, দেলোয়ার হোসেন দিনার, নূরুল হোসেন বুলবুল, নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, রফিকুল ইসলাম শাহপরান, মাহবুব আলম, এখলাছুর রহমান মুন্না, শাহিন আলম জয়, শাহ মাহমদ আলী, আবু আহমদ আনসারী, মকসুদুল করিম নুহেল, হাজী আছাদ, এহতেশাম হক সবুজ, অ্যাডভোকেট আব্দুল্লাহ, আল মামুন হিরা, ফখরুল আলম, সৈয়দ আমিরুল হক সলিড, মোফাজ্জল চৌধুরী মোর্শদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি