হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সজিব আলী আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এনিয়ে প্রবীণ এই শ্রমিকনেতা ৭ বার এই পদে নির্বাচিত হলেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর সোমবার দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে শ্রমিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও আনন্দ মিছিল করেন।
এ সময় শ্রমিক নেতা সজিব আলী বলেন, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে শ্রমিকরা তাকে নির্বাচিত করেছেন। এ জন্য তিনি শ্রমিক, কর্মী ও সমর্থকসহ শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, শনিবার উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণ হয়।
সকাল ৮টা থেকে হবিগঞ্জ জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এ দিন হবিগঞ্জ থেকে দেশের সকল রুটে গণপরিবহন চলাচল বন্ধ থাকে।
নির্বাচনে কার্যকরী কমিটির ২০টি পদে ৫০ প্রার্থী হন। এর মধ্যে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী ও সহসাধারণ সম্পাদক পদে শাহিদ মিয়া নির্বাচিত হওয়ায় ভোট গহণ করা হয় অন্যান্য পদে। মোট ভোটার ছিলেন ২ হাজার ৩৫৫ জন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো আব্দুর রহমান। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করেন।