পাঁচ বছর পর মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলন || শহরজুড়ে উৎসবের আমেজ

প্রকাশিত October 9, 2022
পাঁচ বছর পর মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলন || শহরজুড়ে উৎসবের আমেজ

এ এস কাঁকন, মৌলভীবাজার : বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার সম্মেলনকে ঘিরে শহর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
সোমবার, ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে এ ত্রিবার্ষিক সম্মেলন। প্রায় ৫ বছর পর জেলার সকল নেতাকর্মীর মিলনমেলার প্রস্তুতিও শেষ। পদপ্রত্যাশী ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মিছিল-সমাবেশে মুখরিত পুরো শহর। মৌলভীবাজারের ইতিহাসে সবচেয়ে বেশি জাঁকজমক এ আয়োজনের ব্যানার, ফেস্টুন ও পোস্টার চারপাশে। নির্মিত হয়েছে অর্ধশতাধিক তোরণ। সবমিলিয়ে বর্ণিল পরিবেশ সবার নজর কাড়ছে।
জেলা যুবলীগের এ সম্মেলন ও নতুন কমিটি নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মাঠে নেমেছেন কমপক্ষে ২১ জন। এর মধ্যে অনেকেরই পরীক্ষিত ও ত্যাগী হিসেবে পরিচিতি রয়েছে।
দায়িত্বশীল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্র ঘোষিত নির্দেশনা অনুযায়ী গত ১৮ ও ১৯ মে যুবলীগের প্রধান কার্যালয়ের দপ্তর শাখায় জেলা যুবলীগের শীর্ষ দুই পদে ২১ নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। তবে বর্তমান সভাপতি নাহিদ আহমদ এবার প্রার্থী হননি। সভাপতি পদে প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সহসভাপতি মহি উদ্দিন চৌধুরী ফাহিম ও মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মবশ্বির আহমেদ ও সাবেক যুগ্মআহ্বায়ক মতিউর রহমান মতিন, যুবলীগ নেতা সিতার আহমেদ, আব্দুর রহমান এবং সৈয়দ সেলিম হক।
সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী বর্তমান সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, হোসেন মো ওয়াহিদ সৈকত ও গৌছউদ্দিন নিক্সন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, অর্থ সম্পাদক সন্দীপ দাস, উপদপ্তর সম্পাদক তুষার আহমদ, সহসম্পাদক সাদমান সাকিব চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি ও যুবলীগ নেতা সৈয়দ নাজমুল।
তৃণমূলের নেতা-কর্মীরা জানান, তারা চান, বিগত সময়ে যারা সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন, কর্মীদের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তাদেরকেই মূল্যায়ন করা হোক-নতুন নেতৃত্বে নিয়ে আসা হোক।
২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নাহিদ আহমদকে সভাপতি ও সৈয়দ রেজাউর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় তিন বছর মেয়াদি ১০১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি। দুবছর আগে এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
এবারের সম্মেলনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েক নেতা উপস্থিত থাকবেন বলে জেলা যুবলীগ সূত্রে জানা গেছে।