বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত সর্ষের মধ্যে ভূত দেখছে। অথচ বিগত দিনগুলোতে তারা কোন নির্বাচনই নিরপেক্ষ করতে পারেনি।
শনিবার বিকেলে সিলেট মহানগরীর ধোপাদিঘির পাড়ে একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ও দলের কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সিলেট জেলা কমিটির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন নিশ্চিত করেন, চা-শ্রমিকদের মুজরিসহ বিভিন্ন সমস্যা ও আদিবাসীদের ভূমি রক্ষার বিষয়টি তিনি সংসদে তুলে ধরবেন।
তিনি বলেন, রাজনৈতিক কর্মী হতে হলে মানুষের পাশে থাকতে হবে। ত্যাগের বদলে ভোগ আর আদর্শের বদলে সুবিধা পাওয়া বর্তমানে রাজনৈতিক কর্মীদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
করোনা ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করায় তিনি সিলেটের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে এভাবে দলীয় কাজের পাশাপাশি মানবসেবায় সর্বস্তরের নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দীনবন্ধু পালের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, জেলা সদস্য অজিত দেবনাথ, আব্দুল্লাহ খোকন, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন, যুব মৈত্রীর জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, ছাত্র মৈত্রীর জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী ও নারী মুক্তি সংসদের জেলা আহ্বায়ক রিতা আক্তার। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি