শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে শনিবার হবিগঞ্জ থেকে সকল গণপরিবহন বন্ধ

প্রকাশিত October 5, 2022
শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে শনিবার হবিগঞ্জ থেকে সকল গণপরিবহন বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী শনিবার, ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সেদিন হবিগঞ্জ থেকে দেশের বিভিন্ন সড়কে সবধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।
বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মো আব্দুর রহমান।
তিনি বলেন, যেহেতু ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে দেশের প্রায় সব রুটে গাড়ি চলাচল করবে, তাই মানুষের তেমন দুর্ভোগ হবেনা।
হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার পৌর কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম ও লিটন মিয়া, প্রিজাইডিং অফিসার শাহ আবুল হাসান ও শহিদুর রহমান লাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২০টি পদে ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সভাপতি পদে সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও সহসাধারণ সম্পাদক পদে শাহীদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর ১৮টি পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ হাজার ৩৫৪ জন। নির্বাচনে আইনশৃঙ্খলাসহ সার্বিক সহায়তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।