নিজস্ব প্রতিবেদক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে সিলেট ছিল উৎসবমুখর। আওয়ামী পরিবারের প্রতিটি সংগঠন বর্ণাঢ্য কর্মসূচিতে দিনটি উদযাপন করে।
বঙ্গবন্ধুকন্যার জন্মদিন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের প্রথম কর্মসূচি ছিল প্রথম প্রহরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা। সকাল ১১টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
বাদ জোহর ছিল হযরত শাহজালাল (র) মাজার মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরণি বিতরণ। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের নেতৃত্বে এসব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।