সিলেট সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থবছরে বাজেট ১০৪০ কোটি ২০ লাখ টাকার

প্রকাশিত September 19, 2022
সিলেট সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থবছরে বাজেট ১০৪০ কোটি ২০ লাখ টাকার

হেনা মমো : সিলেট সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থবছরের ১ হাজার ৪০ কোটি ২০ লাখ ৪৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে মহানগরীর খরাদিপাড়া এলাকায় একটি কনভেনশন হলে আহুত সংবাদ সম্মেনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নতুন বাজেট ঘোষণা করেন। এতে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে।
বাজেট বক্তৃতায় মেয়র গত এক বছরে সিসিকের সাফল্য-ব্যর্থতা তুলে ধরে আগামী বছরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তিনি একাধিক বড় উন্নয়ন প্রকল্প বাস্তাবয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা না পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন।
মেয়র প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত প্রকল্পগুলোর খবর পৌঁছানের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চান। তাতে ইতিবাচক ফল মিলবে বলেও আশা প্রকাশ করেন।
আরিফুল হক চৌধুরী সাম্প্রতিক ভয়াবহ বন্যার সময় সিলেট সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্পর্কে যে প্রশংসাসূচক মন্তব্য করেছিলেন তা তাকে দারুণভাবে উজ্জীবিত করে এবং তিনি ও সিসিকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনে খুবই উৎসাহবোধ করেন বলে উল্লেখ করেন।
মেয়র সিলেট পৌরসভা ও সিটি করপোরেশনের উন্নয়নে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত, সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী, সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, জননেতা দেওয়ান ফরিদ গাজী, সাবেক পৌর চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল ও অ্যাডভোকেট আ ফ ম কামাল এবং সাবেক পৌর চেয়ারম্যান ও প্রথম সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের অবদানের কথা উল্লেখ করেন।
একই সঙ্গে সিসিকের উন্নয়নে সহযোগিতার জন্যে বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবউদ্দিন এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্যে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পুলিশকেও ধন্যবাদ জানান।