নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক বন্যায় সড়ক ও জনপথ অধিদপ্তর, সিলেট অঞ্চলের ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক মেরামত ও পুনর্বাসনের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরে পিএমপি (সড়ক-মেজর) কর্মসূচিতে (২য় পর্যায়) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ৬৩৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকার ৩১টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বিশেষ নির্দেশনায় বুধবার অনুষ্ঠিত এক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়।
সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো জাকির হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিকল্পনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রব্বে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো আব্দুল ওয়াহিদ, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো শওকত আলী, খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, বরিশাল অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম আজাদ রহমান, ব্রিজ ম্যানেজমেন্ট উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউত ও টেকনিক্যাল সার্ভিসেস উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড মো আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, গত জুন মাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় সড়ক ও জনপথ অধিদপ্তর, সিলেট অঞ্চলের বেশিরভাগ সড়কই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।