জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার ভরন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী সাম্মী আক্তার হত্যার এখনও কূল-কিনারা মেলেনি।
নিখোঁজ হওয়ায় ৫ দিন পর গত ৯ সেপ্টেম্বর রাতে পুলিশ জকিগঞ্জ পৌরসভার কেছরী এলাকার একটি জঙ্গল থেকে ৭ বছর বয়সী শিশুকন্যা সাম্মী আক্তারের বস্তবন্দি মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। এ ব্যাপারে সাম্মী আক্তারের পিতা জকিগঞ্জ থানার বাবুর্চি আজমল হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন এবং পিবিআই ও সিইআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন; কিন্তু এখন পর্যন্ত রহস্য উদঘাটন বা কোন অসামি গ্রেফতার হয়নি।
সাম্মী আক্তারের বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা এ নারকীয় ঘটনায় স্তম্ভিত। হতবাক। তাই অনেক অভিভাবক সন্তানদের একা স্কুলে যেতে দিতে ভয় পাচ্ছেন।
মামলার তদন্তকর্মকর্তা সুমন কুমার দাস জানান, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে; কিন্তু এখনও হত্যাররহস্য উদঘাটন করা যায়নি।
জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন জানান, পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কাউকে আটক করা যায়নি। হত্যারহস্য উদঘাটনে কাজ চলছে।