নিজস্ব প্রতিবেদক : বিএনপির মিডিয়া সেলের আহবায়ক, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করেছি, কিন্তু দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি হয়নি। দেশে এখন গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার নেই। তাই বিএনপি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে। গত দু’টি সংসদ নির্বাচনে যেভাবে ভোট ডাকাতি হয়েছে তাতে আওয়ামী লীগের অধীনে কোনভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দেশের এই সংকটময় পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিকল্প নেই।
শুক্রবার বিকেলে সিলেট মহানগরীর দরগা গেটে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে ‘জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে অবাধ, নিরপেক্ষ, নির্বাচনত্তোর একটি জাতীয় সরকার এবং দ্বিকক্ষ সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, সকলের সম্মিলত আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তখন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমান একটি রূপরেখা দিয়েছেন। এই রূপরেখায় জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে দেশে যেমন সুশাসন নিশ্চিত হবে তেমনি দেশ দ্রুত এগিয়ে যাবে। এজন্য দেশের নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সদস্য সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব, সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এনি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমদাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সুজন সিলেট চাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. শামিমুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদা দল শিক্ষক পরিষদের আহবায়ক অধ্যাপক ড সাজেদুল করিম, ইউট্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী ড মোহাম্মদ ইকবাল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্দিকুর ইসলাম, সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট আনসার খান, বিএফইউজের (একাংশ) সভাপতি কাদের গণি চৌধুরী, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ডা শিব্বির আহমেদ শিবলী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাম্মেল হক, অ্যাডভোকেট আশিক উদ্দিন, অ্যাডভোকেট আবুল ফজল ও কবি সালেহ আহমদ খসরু।
শহিদ উদ্দিন চৌধুরী এনি বলেন, দলীয় সরকারের অধীনে কোনভাবেই নিরপেক্ষ নির্বাচন যে সম্ভব নয় তা গত ২০১৪ ও ২০১৮ সালের ভোট ডাকাতির মধ্য দিয়ে দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে একটি সর্বজন স্বীকৃত সত্য বলে প্রমাণিত হয়েছে।
ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেন, একজন রাজনীতিবিদ নির্বাচন নিয়ে চিন্তা করেন আর একজন সফল রাষ্ট্রনায়ক চিন্তা করেন আগামী ১০০ বছরে দেশ কেথায় নিয়ে যাবেন। তারেক রহমান আগামী ১০০ বছর পর দেশকে কোথায় নিয়ে যাবেন সেই চিন্তা করেছেন।
সাংবাদিক কাদের গনি চৌধুরী বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও এদেশের মানুষকে বাকস্বাধীনতার জন্য সংগ্রাম করতে হচ্ছে।
ডা শামিমুর রহমান বলেন, গত ১৫ বছরে দেখলাম একজন প্রধানমন্ত্রী কিভাবে স্বৈরাচারী হন।
অধ্যাপক ড সাজেদুল করিম বলেন, এই মুহুর্তে দেশে কিভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে তা নিয়ে ভাবতে হবে।
অ্যাডভোকেট এমদাদ উল্লাহ মোহাম্মদ শহিদুল ইসলাম শাহীন বলেন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন কোন কিছুই ‘প্রফার’ কাজ করছে না।
ফারুক মাহমুদ চৌধুরী বলেন, পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। চারজন মেয়রকে মর্যাদা দেওয়া হলো; কিন্তু সিলেটের মেয়রকে দেওয়া হলো না, তখন তো বিএনপি প্রতিবাদ করেনি।
অধ্যাপক সিদ্দিকুর ইসলাম, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা নতুন কিছু নয়।
এ সময় উপিস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও ড এনামুল হক চৌধুরী, জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমুখ।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি