বাংলাদেশ খুব দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে : সিলেট চেম্বারে আইএলও এডভাইজার

প্রকাশিত September 6, 2022
বাংলাদেশ খুব দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে : সিলেট চেম্বারে আইএলও এডভাইজার

নিজস্ব প্রতিবেদক : ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন-আইএলওর চিফ টেকনিক্যাল এডভাইজার পেদ্রো জেআর ব্যালেন বলেছেন, বাংলাদেশ খুব দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।
একই সঙ্গে বর্তমান বৈশ্বিক মন্দা বাংলাদেশ যেভাবে মোকাবেলা করছে তা সত্যি প্রশংসনীয় বলেও উল্লেখ করেছেন।
অর্থনৈতিক ক্ষেত্রে সিলেট অত্যন্ত সম্ভাবনাময় বলে অভিমত ব্যক্ত করে তিনি বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে শ্রমিককে অবশ্যই যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।
সোমবার বিকেলে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতবৃন্দের সঙ্গে পেদ্রো জেআর ব্যালেন মতবিনিময় করছিলেন।
সিলেট চেম্বার ভবনে অনুষ্ঠিত মতবিনিময়কালে আইএলওর চিফ টেকনিক্যাল এডভাইজার সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন।
এ সময় সিলেট চেম্বার সভাপতি ও এফবিসিসিআই পরিচালক তাহমিন আহমদ বলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তবে এখানকার অপার সম্ভাবনাকে কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ একান্ত প্রয়োজন। সিলেটের এসএমই উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে একটি প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে স্থানীয় এসএমই উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণন করতে পারবেন।
তিনি স্থানীয় নবীন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে আইএলওর সহযোগিতা কামনা করে এ বিষয়ে আইএলওর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরেরও প্রস্তাব করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি মো আতিক হোসেন, আইএলওর টেকনিক্যাল স্পেশালিস্ট নবীন কুমার কর্ণ, প্রোগ্রাম অফিসার অ্যালেক্সাস চিচাম, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার তানজেল আহসান, স্মার্ট সিটি ফর লাইফের সিইও সৈয়দ দেলোয়ার হোসেন প্রমুখ।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি