জাকারিয়া হোসেন : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, ইসলাম অপচয় সমর্থন করেনা বরং কঠোরভাবে নিষেধ করেছে। অপচয় কোন ক্ষেত্রেই কল্যাণকর নয়। তাই এ ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে। ইমামগণ খুৎবা ও বয়ানে প্রসঙ্গটির উপর জোর দিলে সহজেই জনসচেতনতা সৃষ্টি হবে।
সোমবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইমাম সমিতি সিলেট জেলা শাখা আয়োজিত বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সম্পদের অপচয় রোধ এবং বৃষ্টির পানি সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ অনেক বড় সাফল্য দেখিয়েছে। খাদ্যেও স্বয়ংসম্পূর্ণ। মানুষ এখন তিনবেলা ভাত খায়। তবু এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা। নতুন প্রযুক্তি ব্যবহার করে চাষের আওতায় নিয়ে আসতে হবে।
তিনি বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। তাই সকলকে সাশ্রয়ী হতে হবে।
জেলা প্রশাসক আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি যাতে আরও উজ্জ্বল হয় সে জন্যে সবার সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, ইমামরা সন্ত্রাস ও জঙ্গি তৎরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলেই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গি তৎপরতা নির্মূল না হলেও নিয়ন্ত্রণে এসেছে। এখন সবাই অপচয় রোধে সচেতন হলে সংকট উত্তরণ সহজ হবে।
তিনি বৃষ্টির পানি নিরাপদ উল্লেখ করে তা সংরক্ষণ ও ব্যবহারে মসজিদের মিম্বর থেকে উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন।
মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, দৃষ্টভঙ্গি ও আচরণ পরিবর্তন করতে হবে। সজাগ থাকতে হবে যাতে স্বার্থান্বেষী চক্র অপতৎপরতা চালাতে না পারে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, কিছু লোক পবিত্র ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে।
তিনি বলেন, ধর্মীয় নেতাদের মূল্যায়ন আগের মতো হচ্ছেনা বলেই সমাজের সর্বক্ষেত্রে অরক্ষয় নেমে এসেছে।
পুলিশ সিলেটে জননিরাপত্তা বিধানের সুযোগ পাওয়াকে এ পর্যন্ত তার জীবনের সবচেয়ে গর্বের বিষয় বলে উল্লেখ করেন।
বিশেষ অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, নিজ নিজ জায়গা থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করলে অনেক কাজ সহজ হয়ে যায়। দেশ সবার। কারও উস্কানিতে জাতীয় সম্পদ ধ্বংস করার অর্থ নিজের ক্ষতিসাধন। অপচয় রোধের পাশাপাশি কল-কারখানায় অবৈধ বিদ্যুৎ সংযোগের মতো অপরাধের বিরুদ্ধেও ইমামদেরকে সোচ্চার হতে হবে।
বিশেষ অতিথি ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো আবু ছিদ্দিকুর রহমান বলেন, নিজ নিজ সন্তানকে শিশুকাল থেকেই অপচয় সম্বন্ধে সচেতন করা জরুরি। নিজেদেরও অনেক অভ্যাস পরিবর্তন করতে হবে।
বিশেষ অতিথি সিলেটে জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, ইমাম সমাজ সাধারণ মানুষের বিশ্বাসের একটি বড় জায়গা। এই জায়গা থেকে খুব সহজেই জনসচেতনতা সৃষ্টি করা যায়। অতীতে জরুরি বিভিন্ন বিষয়ে তাই হয়েছে।
বিশেষ অতিথি মাওলানা হাবীব আহমদ শিহাব বলেন, সমাজের স্বার্থে-জাতীয় স্বার্থে কথা বললে অনেক সময় ইমামদের চাকরি চলে যায়। তাই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা কার্যকর করতে হবে।
স্বাগত বক্তব্যে মাওলানা এহসান উদ্দিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। অসাম্প্রদায়িক চেতনা লালন করেন বলেই বাংলাদেশ ইমাম সমিতির সদস্যরা করোনাকালে অন্য ধর্মের মরদেহেরও সৎকার করেন।
সেমিনারের শুরুতে কোরান তেলাওয়াত করেন, মাওলানা কায়েস আহমদ।