বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে জানতে হবে : সিসিকের পুরস্কার বিতরণীতে পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত September 2, 2022
বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে জানতে হবে : সিসিকের পুরস্কার বিতরণীতে পররাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে জানতে হবে। এই জানার প্রধান মাধ্যম হচ্ছে বই। সেলিনা মোমেনের লেখা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ বইটি এ ক্ষেত্রে খুবই সহায়ক হবে।
শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ বই অবলম্বনে আয়োজিত ‘বঙ্গবন্ধুকে জানো বঙ্গবন্ধুকে পড়ো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিযোগিতায় সিলেট সিটি করপোরেশন এলাকার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অত্যন্ত দূরদর্শী নেতা ছিলেন। তার নির্দেশিত পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি মাত্র ৩ মাসে ১২৬টি দেশের স্বীকৃতি আদায় করেছিলে। আড়াই মাসের মধ্যে দেশে ফিরে গিয়েছিল মিত্রবাহিনী। তাকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা বাংলাদেশের অগ্রযাত্রাকে আটকে দিতে চেয়েছিল; কিন্তু পারেনি।
প্রধান আলোচন প্রবীণ শিক্ষাবিদ ড কবীর এইচ চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে পূর্বসূরিদের বিশেষ করে বঙ্গবন্ধুর মতো মহাপুরুষদের আত্মজীবনী পড়তে হবে।
তিনি সেলিনা মোমেনের লেখা বইটিকে চমৎকার ও সহেজবোধ্য বলে উল্লেখ করেন।
প্রবাসে মুক্তিযুদ্ধের এই সংগঠক শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ার উপদেশ দেন।
বিশেষ অতিথি লেখিকা সেলিনা মোমেন বলেন, ছোটরা যাতে বঙ্গবন্ধুকে জানতে পারে ও বাংলাদেশকে চিনতে পারে সে উদ্দেশ্যেই তিনি বইটি লিখেছেন।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের সচিব ফাহিমা ইয়াসমিন। সভাপতিত্ব করেন, সিসিকের শিক্ষা পরামর্শক অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জী। স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষা বিশেষজ্ঞ অনিল কৃষ্ন মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো কবির খান, রসময় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো রফিকুল আলম, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কুহেলি রানী রায়, প্রতিযোগী চৌধুরী জাকিয়া নুসরাত ও অসীম ঐশ্বর্য সরকার। পরিচালনায় ছিলেন, ফাতেমা রশীদ সাবাহ।