সিসিকের কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত August 31, 2022
সিসিকের কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশনের কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা ও গভর্ন্যান্স উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন জাইকা-সিফোরসি ২ প্রকল্পের আওতায় এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সভায় সরকারের নির্দেশিকা ‘সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র ২০২২-২০৩০’ এর আলোকে সিলেট সিটি কর্পোরেশনের কৌশলপত্র ও কর্মপরিকল্পনা নির্ধারণে সহায়ক বিভিন্ন উপস্থাপনা করেন সিটি গভর্ন্যান্স বিশেষজ্ঞগণ। এর মধ্য দিয়ে সিসিকের করণীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
জুম অ্যাপ্লিকেশনের যুক্ত থেকে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো জহিরুল ইসলাম ও জাইকা-সিফোরসি প্রকল্পের প্রধান উপদেষ্টা নাওকু আনজাই।
গভর্ন্যান্স উন্নয়ন কর্মশালায় কৌশলপত্র ও কর্মপরিকল্পনা নির্ধারণে সহায়ক মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন, সিটি গভর্ন্যান্স বিশেষজ্ঞ মো সোহরাব হোসেন, মনিমালা রায়, ব্রজকিশোর ত্রিপুরা ও মো রাসেল কবির।
এ সভা ও কর্মশালায় অংশ নেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো মতিউর রহমান খান, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ ও পরিবহন) মো রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী (পানি) আব্দুস সোবহান, কর কর্মকর্তা মো রমিজ মিয়া, প্রধান এসেসর চন্দন দাশ, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ এবং নগর পরিকল্পনাবিদ, আইটি কনসালটেন্ট, আইন কর্মকর্তা ও সিস্টেম এনালিস্ট। এছাড়া সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি