সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ একবার বিনাভোটে আরেকবার দিনের ভোট রাতে ডাকাতি করে সরকার গঠন করেছে।
তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ এবার ইভিএমের মাধ্যমে ভোট চুরি করতে চায়। নির্বাচন কমিশন আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করছে। তাই এ নির্বাচন কমিশনের অধীনে ও ভোট ডাকাতির ইভিএমে দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না। এ ধরনের ষড়যন্ত্রের নির্বাচন দেশবাসী প্রতিহত করবে।
শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশের সকল রাজনৈতিক দলের আপত্তি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন ১৫০টি আসনে ইভিএম দিয়ে ভোট গ্রহণ করতে চাইছে। অথচ এই ইভিএম সম্পর্কে দেশের বিখ্যাত প্রকৌশল ও প্রযুক্তি বিশেষজ্ঞ প্রয়াত অধ্যাপক ড জামিলুর রেজা চৌধুরী বলেছিলেন, ইভিএম একটি নিম্নমানের যন্ত্র, যা দিয়ে ভোটাধিকার প্রয়োগের নিরপেক্ষতা যাচাইয়ের কোন ব্যবস্থা নেই।
উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে পদত্যাগ করুন। একদলীয় নির্বাচন অনেক হয়েছে। এ দেশের জনগণ আর মেনে নেবে না। একদলীয়ভাবে দেশ শাসন করে জনগণের অর্থ লুটেপুটে খেয়েছেন। এবার হিসাব দিতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান ফয়ছল, আশফাক আহমেদ চৌধুরী, মাহবুবুর রশিদ মামুন, মামুনুর রশিদ মামুন, কিবরিয়া ইসলাম ও কফিল আহমদ এবং পৌর বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সৈয়দ মাসুদ মিল্লু, আব্দুল জলিল মাস্টার, আজমল হোসেন, মুক্তার আহমদ, ফটিক আহমদ, রাসেল আহমদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি