জাকারিয়া হোসেন : এখন বয়স সত্তর। জীবনের পড়ন্ত বিকেল; কিন্তু মনটা আঠারোতেই আছে, যেখান থেকে অসাধ্য সাধন করা যায়। একাত্তরে অসাধ্য সাধন করেছিলেন রণাঙ্গনে। এবার জলধারায়। এর মধ্য দিয়ে বিশ্ব জয় করতে চান। আবারও বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চান, বাঙালির কাছে অসাধ্য বলে কিছু নেই।
এই প্রত্যয়দৃপ্ত বার্তা দিতেই শনিবার দুপুরে মহানগরীর মাছিমপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সিলেটের গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য এবার বিশ্ব রেকর্ড গড়তে সাঁতরে সিলেট থেকে যাবেন কিশোরগঞ্জে। সুরমায় নামবেন ক্বিনব্রিজ ছুঁয়ে আর মেঘনা থেকে উঠবেন ভৈরব সেতু বেয়ে। সাঁতার শুরু হবে চাঁদনিঘাট থেকে সোমবার, ২৯ আগস্ট সকাল ৬টায়। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ-এই ৪ জেলায় প্রায় ২৮৫ কিলোমিটার জলযাত্রার সমাপ্তি হবে দীর্ঘ ৭০ ঘণ্টায়। ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে।
এ জন্যে জেলা প্রশাসন, নৌ পুলিশসহ গোটা পুলিশ প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে। সাঁতারে থাকাকালীন তার শারীরিক কোন সমস্যা যাতে না হয় বা হলেও যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। তাকে সার্বিক সহযোগিতা করছে মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলা ইউনিট কমান্ড। তাই সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য ছাত্রজীবন থেকেই সাঁতারু হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৭০ সালে নিজের এলাকা নেত্রকোনার মদনগঞ্জে টানা ১৫ ঘণ্টা সাঁতার কেটে প্রথম আলোচনায় আসেন তিনি। একাত্তরে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। ১৯৭৩ সালে সিলেটের এম সি কলেজের পুকুরে সাঁতার কাটেন টানা ৮২ ঘণ্টা। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পুকুরে ৯৩ ঘণ্টা ১১ মিনিট ও ১৯৭৬ সালে ১০৮ ঘণ্টা ৫ মিনিট অবিরাম সাঁতার কেটে জাতীয় রেকর্ড গড়েন। ২০১৮ সালে ১৮৫ কিলোমিটার দূরপাল্লার সাঁতারে হয় তার আরেকটি নতুন রেকর্ড। ১৯৭৪ সালে সাঁতারে রেকর্ড করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে রূপার নৌকা উপহার দেন।
এছাড়াও বিভিন্ন সময়ে এই কৃতি সাঁতারু সিলেট মহানগরীর রামকৃষ্ণ মিশন পুকুর ও ধোপাদিঘি এবং সুনামগঞ্জ ও ছাতকে সাঁতার কাটেন।
ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তবে বর্তমানে কনসালট্যান্ট হিসাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৯ সালে একুশে পদকপ্রাপ্ত এই সৌখিন সাঁতারু সাঁতারে বিশ্ব রেকর্ড গড়ে প্রিয় স্বদেশের জন্যে আরেকটি গৌরব নিয়ে আসতে চান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমাণ্ডের সর্বশেষ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।