ওবায়দুল কাদেরকে রাজপথে খেলার আহ্বান জানালেন আফরোজা আব্বাস

প্রকাশিত August 25, 2022
ওবায়দুল কাদেরকে রাজপথে খেলার আহ্বান জানালেন আফরোজা আব্বাস

পলি রায়, সুনামগঞ্জ : জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজপথে খেলার আহ্বান জানিয়েছেন। তবে শর্ত দিয়েছেন, বিএনপি রাজপথে নামলেই পুলিশ দিয়ে বাঁধা না দিতে আর প্রশাসনকে ব্যারাকে রেখে আসতে হবে।
একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বিএনপি মাঠে নামলেই পুলিশ দিয়ে বাধা দেওয়া। নেতাকর্মীদের হত্যা করা হয়। মামলা দেওয়া হয়। গুম করা হয়। এরপরও আওয়ামী লীগ বলে, বিএনপি মাঠে নেই।
আফরোজা আব্বাস বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের একটি হোটেলে জেলা মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ জন মহিলার মধ্যে ঘর নির্মাণ ও পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, দেশে তেল ও গ্যাস সহ সব কিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে অনাহারে থাকতে হচ্ছে মানুষকে। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। তবে সেই খেলা সমাপ্ত হওয়ার দিন চলে এসেছে। খুব শিগগির বিএনপির সুদিন আসবে।
সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল, বিএনপির জাতীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক প্রফেসার ডা মোশেদ হাসান খান ও জাতীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেনা জেরিন খান।