জাকারিয়া হোসেন : সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, তখনকার বিরোধীদলীয় নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করাই ছিল একুশে আগস্টে গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের লক্ষ্য। সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই বর্বরোচিত হামলা চালানো হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট আর ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। বাঙালির চিরশত্রুরা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে আবারও নৃশংসতার পথ বেছে নেয়; কিন্তু ইতিহাস ঘাতকদের সেই সুযোগ কখনও দেয়নি।
তারা আরও বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে রাজধানী ঢাকার বুকে আওয়ামী লীগের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে নজিরবিহীন হত্যাযজ্ঞ চালানো হয়। এই গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করেছিল মানবতাকে। দেশব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে নিজেই সন্ত্রাসের শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেদিন দলীয় নেতারা মানববর্ম তৈরি করে প্রিয় নেত্রীকে রক্ষা করেছিলেন; কিন্তু নিজেরা গ্রেনেড-গুলিতে হয়েছিলেন ক্ষত-বিক্ষত। আইভি রহমানসহ ২৩ জন প্রাণ দিয়েছিলেন। চিরদিনের জন্যে পঙ্গু হয়ে গেছেন অনেকে। তবু আওয়ামী লীগে টিকে আছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ার লক্ষ্যে দলের প্রত্যেক নেতাকর্মী নিরলস কাজ করে যাচ্ছেন।
নেতৃবৃন্দ একুশে আগস্টের নিষ্ঠুরতার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের রায় কার্যকর করার দাবি জানান।
দিনটি উপলক্ষে রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
আওয়ামী লীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশের শুরুতেই একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সহসভাপতি আশফাক আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ মো মোসাহিদ আলী, নাজনীন হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান এমপি, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, জেলা মহিলা লীগের সভাপতি সালমা বাছিত, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।