হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাইলগাছ গ্রামের কাঁচা রাস্তাটি চলাচলের অনোপযোগী হয়ে পড়েছে। ফলে এলাকাবাসীর দুর্ভোগের শেষ থাকছেনা।
এলাকাবাসী জানান, প্রায় ১০ বছর আগে উপজেলার সাকির মোহাম্মদ সড়ক থেকে শাইলগাছ গ্রাম হয়ে মাগুরহোন্ডা পর্যন্ত কাঁচা রাস্তা তৈরি করা হয়েছিল। পরে মাগুরহোন্ডা থেকে শাইলগাছ মোকামবাড়ি পর্যন্ত অংশ পাকা করা হয়; কিন্তু মোকামবাড়ি থেকে শাইলগাছ গ্রাম পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা কাঁচা থেকে যাওয়ায় বিভিন্ন স্থান ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তগুলোতে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। ফলে রাস্তাটি দিয়ে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারেনা।
এতে শাইলগাছ গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের লোকজন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে।
এ প্রসঙ্গে আলাপকালে শাইলগাছ গ্রামের আব্দুল গফ্ফার, আছকির মিয়া, আব্দুল খালেক ও আব্দুর নূর অবিলম্বে রাস্তার এই অংশটুকু পাকাকরণের দাবি জানান।।
একই এলাকার বাসিন্দা জননেত্রী সৈনিক লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সভাপতি এস এম মানিক অনুরূপ দাবি জানিয়ে বলেন, রাস্তাটি পাকা না করায় পুরো এলাকাবাসী বিশেষ করে শিক্ষার্থীদের প্রতিনিয়ত চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।