উচ্চ আদালতের নির্দেশ ডিঙ্গিয়ে ‘হিন্দু আলী পুকুর’ দখলের চেষ্টার অভিযোগ সিসিক মেয়রের বিরুদ্ধে

প্রকাশিত August 17, 2022
উচ্চ আদালতের নির্দেশ ডিঙ্গিয়ে ‘হিন্দু আলী পুকুর’ দখলের চেষ্টার অভিযোগ সিসিক মেয়রের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন-সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে মহানগরীর সৈয়দানী বাগ এলাকার একটি প্রাচীন পুকুর দখলের অভিযোগ করা হয়েছে।
বুধবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এলাকার সৈয়দ বাড়ির অ্যাডভোকেট সৈয়দ খালেদ হোসেন মাহতাব এ অভিযোগ করেন।
তিনি জানান, ‘হিন্দু আলী পুকুর’ নামে পরিচিত পুকুরটি তাদের মৌরসী সম্পত্তির অংশ। বংশ পরম্পরায় তারা সেটি ভোগদখল করছেন। করছেন মৎস্য চাষ। এ অবস্থায় গত ৯ আগস্ট সকালে সিসিকের কয়েকজন কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মী পুকুর এলাকায় প্রবেশ করলে মালিক পক্ষ কারণ জানতে চান। জবাবে সিসিকের পরিচ্ছন্নতা সুপারভাইজার জানান, মেয়রের নির্দেশে পরিষ্কার-পচ্ছিন্নতার কাজ করা হচ্ছে। এ সময় আরও কয়েক ব্যক্তি এসে মালিক পক্ষকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করেন। এমনকি দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণের পায়তারা চালালে নিরাপত্তার স্বার্থে মালিকগণ সরে যান। অন্যদিকে মেয়র পুলিশ মোতায়েন করে কাজ অব্যাহত রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হিন্দু আলী পুকুরটি জনসাধারণের পুকুর নয়। এর রেকর্ডিও মালিক আছক বানুর কন্যা সিসিক মেয়রের মা আমিনা খাতুনদের নিকট থেকে সৈয়দ আজিজুল হোসেনরা ক্রয় করেন। এই ক্রয় সূত্রে পুকুরটিতে ‘সৈয়দ মৎস্য খামার’ নাম দিয়ে মাছ চাষ করে আসছেন তারা। ১৯৭৪-৭৫ সালে পুকুরটি সংস্কারও করা হয়। পরবর্তী সময়ে মালিকদের উত্তরাধিকারী হিসেবে সৈয়দ নাহিদ রহমান সাব্বির ও সৈয়দ তাজিদুল হোসেন বাবুল পুকুরটি ভোগদখল ও তাতে মৎস্য চাষ করে আসছেন।
সৈয়দ খালেদ হোসেন মাহতাব আরও বলেন, ২০০৮ সালে পুকুরের দক্ষিণ পাড়ে কবুলিয়তি হিসেবে বসবাসকারী পিয়ারা, দিলাল, দুলাল, রিফাত ও জয়নালসহ কতিপয় বহিরাগত পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সে বছরের ২৯ সেপ্টেম্বর কোতয়ালি থানায় জিডি করা হয়।
এর জের ধরে কবুলিয়তিরা পুকুরটিকে ‘জনগণের পুকুর’ দাবি করে সৈয়দ মৎস্য খামারের সাইনবোর্ড ভেঙে ফেলে। সৈয়দ আজিজুল হোসেনকে তারা রক্তাক্ত জখমও করে। মামলা দায়ের করে আদালতে। তবে ২০১৮ সালের ২৩ অক্টোবর আদালত মামলটি খারিজ হয়ে যায়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী কবুলিয়তিদের যোগসাজশে উচ্চ আদালতের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও পুকুরটি দখলের তৎপরতা চালাচ্ছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সৈয়দ বখতিয়ার হোসেন, সৈয়দ আফজাল হোসেন, সৈয়দ রাহাদ হোসেন, সৈয়দ মাহিদ রহমান সাব্বির, সৈয়দ আশরাফ হোসেন, সৈয়দ আতাউর হোসেন সাজুল, সৈয়দ ফজিলত হোসেন, সৈয়দ আনোয়ার হোসেন, মো. ফারুক আহমদ, মহনুর রহমান (মখই মিয়া), তুলা খাঁ, আব্দুস সাত্তার, আব্দুল্লা আল মামুন, মো কামাল আহমদ, সৈয়দা ফাহমিদা হোসেন, সৈয়দ তারেক হোসেন, অ্যাডভোকেট সৈয়দা হেলেন বেগম, মো হাবিবুর রহমান (হাসাদ), মাহমুদ ইয়াসিন, মতিন আহমদ, মো হোসেন, আব্দুল আহাদ, শিমুল আহমদ ও রুমেল খান।