সিলেট ইন্ডাস্ট্রিয়াল হাব হতে পারে || বিনিয়োগের রয়েছে প্রচুর সম্ভাবনা : বিডা চেয়ারম্যান

প্রকাশিত August 10, 2022
সিলেট ইন্ডাস্ট্রিয়াল হাব হতে পারে || বিনিয়োগের রয়েছে প্রচুর সম্ভাবনা : বিডা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান মো সিরাজুল ইসলাম বলেছেন, সিলেট বিভাগ ইন্ডাস্ট্রিয়াল হাব হতে পারে। এ অঞ্চলে বিভিন্ন খাতে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। প্রবাসীরাও এসব খাতে বিনিয়োগ করতে পারেন।
তিনি আরও বলেছেন, সিলেট অঞ্চলে পর্যটন, মৎস্য ও চা ভিত্তিক শিল্প গড়ে উঠতে পারে। বিনিয়োগ হতে পারে তথ্যপ্রযুক্তি খাতে। প্রবাসীরা বিনিয়োগে আগ্রহী; কিন্তু কিভাবে কি করতে হবে সেই ধারণা তাদের নেই। তাদেরকে সংশ্লিষ্টরা যথাযথ সহযাগিতা দিলে তারা অবশ্যই বিনিয়োগ করবেন।
নির্বাহী চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। তাই নিরবচ্ছিন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছেনা। অবশ্য সেপ্টেম্বর-অক্টোবরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
তিনি বলেন, কেবল স্থানীয় বিনিয়োগে লক্ষ্য অর্জন সম্ভব নয়-বাইরের বিনিয়োগও লাগবে।
ছাতক সিমেন্ট কারখানার সৌদি আরবের একটি প্রতিষ্ঠান বড় আকারের বিনিয়োগ করছে বলেও বিডার নির্বাহী চেয়ারম্যান উল্লেখ করেন।
বুধবার দুপুরে সিলেট মহানগরীর উপকণ্ঠে বড়শলায় একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির বিনিয়োগ বিকাশ সম্পর্কিত ‘বিশেষ মতবিনিময় সভা’য় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এতে সভাপতিত্ব করেন, সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট চেটার্টন ডিকসন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ ও সিলেট রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি নাবিলা জাফরিন। স্বাগত বক্তব্য রাখেন, বিডার সিলেট বিভাগীয় পরিচালক জুলিয়া যেনমিস মিলি। সঞ্চালনা করেন, উপপরিচালক সমীর বিশ্বাস।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট চেটার্টন ডিকসন বলেন, ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে শাখা খুলতে চায়। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন সিলেট অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনার কথা তুলে ধরে এ খাতে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক নাহিদ আহসান, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএিম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, প্রবাসী জাহিদ চৌধুরী প্রমুখ।