শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল হত্যার দায় স্বীকার করেছে একজন || দু’জনের জবানবন্দি কাল

প্রকাশিত July 27, 2022
শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল হত্যার দায় স্বীকার করেছে একজন || দু’জনের জবানবন্দি কাল

নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যামামলায় গ্রেফতারকৃত তিনজনের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সোমবার রাত পৌণে ৮টার দিকে শাবিপ্রবি ক্যাম্পাসের গাজীকালু টিলার মাজারের পাশের টিলায় ছুরিকাঘাতে লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর নন্দীপাড়া গ্রামের ওহাব মিয়ার ছেলে বুলবুল আহমেদ (২২) খুন হয়।
এ ঘটনায় সিলেট মহানগর পুলিশ-এসএমপির জালালাবাদ থানায় ঘটনার দিনগত মধ্যরাতে শাবিপ্রবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা একাধিক দুষ্কৃতকারীকে আসামি দিয়ে একটি মামলা দায়ের করেন।
এসএমপির উপ কমিশনার (উত্তর) মো আজবাহার অলী শেখ বুধবার দুপুরে জালালাবাদ থানায় আহুত সংবাদ সম্মেলনে জানান, মামলার ভিত্তিতে পুলিশ অপরাধীদের ধরতে অভিযানে নামে। ঘটনাস্থলের আশেপাশে থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।
এর মধ্যে টিলাগাঁওয়ের আনিছ আলীর ছেলে আবুল হোসেনের দেওয়া জবানবন্দির সূত্রে একই গ্রামের গোলাব আহমদরে ছেলে কামরুল আহমদ ও তছির আলীর ছেলে মোহাম্মদ হাসানকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই হত্যাকােণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
এই জবানবন্দির ভিত্তিতে কামরুল আহমদের ঘর থেকে হত্যাকাণ্ডে জড়িত ছুরি ও বুলবুল আহমদের নিকট থেকে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে অভিযুক্ত আবুল হোসেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমন ভূঁইয়ার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
জবানবন্দি শেষে বিচারক আবুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্য দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হতে পারে।
এদিকে শাবিপ্রবি কর্তৃপক্ষ শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আখতারুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।