মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমোহনী রাবার ড্যাম ও বহরা রাবার ড্যাম সংলগ্ন উভয়পাশে ৫০০ মিটার করে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।
এখন থেকে এই সংরক্ষিত এলাকায় বালু ও মাটি উত্তোলন ও বিক্রি বন্ধ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা সম্বলিত সাইনবোর্ডও লাগানো হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন দুই রাবার ড্যাম এলাকায় গিয়ে সতর্কতামূলক সাইনবোর্ড দুটি লাগান।
এ সময় উপস্থিত ছিলেন, বহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আলাউদ্দিন, চৌমোহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, রাবার ড্যাম সভাপতি আবুল মোবারক ও সাধারণ সম্পাদক সুজন মিয়া সহ এলাকার লোকজন।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত একটি চক্র চৌমোহনী রাবার ড্যাম ও বহরা রাবার ড্যাম এলাকায় সোনাই নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। বড় বড় মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সোনাই নদীর চৌমোহনী রাবার ড্যাম ভেঙ্গে নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।