পাঠ্যক্রম থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই উঠেনা : সিলেটে শিক্ষামন্ত্রী

প্রকাশিত July 18, 2022
পাঠ্যক্রম থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই উঠেনা : সিলেটে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডা দীপুমনি বলেছেন, ধর্মীয় শিক্ষায় নৈতিকতা অর্জিত হয়। তাই পাঠ্যক্রম থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই উঠেনা। বরং নতুন পাঠ্যক্রমে শিক্ষার্থীদের কেবল ধর্ম সম্পর্কে জানা নয়-ধর্মচর্চার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেছেন, নতুন পাঠ্যক্রম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়া হচ্ছে বলে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এ সম্পর্কে শুধু সজাগ থাকলে হবেনা-এই চক্রকে প্রতিহত করতে হবে।
শিক্ষামন্ত্রী সোমবার সকালে সিলেট সার্কিট হাউসে জেলা শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলএই মতবিনিময় সভার আয়োজন করে।
শিক্ষামন্ত্রী জানান, ভযাবহ বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত সংস্কার করা হবে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বইও দেওয়া হবে অতিসত্বর। যত তাড়াতাড়ি সম্ভব পাঠদান শুরু করতে হবে।
ডা দীপুমনি বলেন, জাতির আকাঙ্ক্ষা পূরণ এবং একবিংশ শতাব্দি ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে কাজে লাগাতেই শিক্ষায় সংস্কার কিংবা আধুনিকায়ন নয়-রূপান্তর ঘটাতে হচ্ছে।
তিনি বলেন, মাদরাসা শিক্ষার্থীদেরকে যোগ্যতায় অন্যদের সমকক্ষ করতেই ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষা যুক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান খান। এ ছাড়াও কয়েকজন শিক্ষক বক্তব্য রাখেন।
পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ডা দীপুমনি বলেন, দুর্যোগে, দুর্দিনে ও দুর্বিপাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকেন।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহার কারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায়ে এ সময় আরও বক্তব্য রাখেন, সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক ও উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
শিক্ষামন্ত্রী বলেন, এক শ্রেণির দুর্বৃত্ত সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে দেশ, সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিনিয়ত নানারকম অপপ্রচার চালিয়ে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে যাচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের এই চক্রের বিরুদ্ধে সবসময় সজাগ দৃষ্টি রাখতে এবং জনগণকে সতর্ক করতে হবে।