নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে কৃচ্ছতা সাধন করতে হবে। না হলে বিপর্যয় ঠেকানো যাবেনা। অনেক দেশ ইতোমধ্যে সংকটের মুখে পড়ে গেছে।
তিনি আরও বলেছেন, সম্মিলিতভাবে আমরা শতাব্দির ভয়াবহ বন্যা মোকাবেলা করেছি। একইভাবে অন্যান্য সমস্যা-সংকটও মোকাবেলা করতে হবে আমাদেরকে। এ জন্যে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
জেলা প্রশাসক বৃহস্পতিবার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জুন মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। নিজ নিজ বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রম তুলে ধরেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল ও সিলেট মহনগর পুলিশের উপকমিশনার মো আজবাহার আলী শেখ এবং সংশ্লিষ্ট অন্যান্য দফতরের প্রতিনিধিরা। আলোচনায় অংশ নেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোমিন চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী প্রমুখ।
জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেন, সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, দেশী-বিদেশী সংস্থা এবং প্রবাসীরা এগিয়ে আসায় এবং সমন্বিত কাজ হওয়ায় প্রাণহানি কম হয়েছে। ত্রাণের অভাব হয়নি। আরও ত্রাণসামগ্রী আসছে।
বন্যার ভয়াবহতার খবর পেয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফর করায় জেলা প্রশাসক তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক এ পর্যন্ত সিলেটে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণের বিবরণ দেন।
তিনি জানান, আরও কয়েকটি সরকারি-বেসরকারি সংস্থা ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দিতে এগিয়ে এসেছে।
ভয়ংকর বন্যা পরিস্থিতিতেও বড় কোন অপরাধ সংঘটিত না হওয়া এবং জনশূন্য বাড়িঘরে অরক্ষিত মালামাল চুরি, ডাকাতি বা লুটপাট না হওয়াকে জেলা প্রশাসক সবার মধ্যে মানবিকতা জাগ্রত হওয়া বলে উল্লেখ করেন।