হেনা মমো : ভয়াবহ বন্যায় ক্ষত-বিক্ষত সিলেটে এখনও প্রায় সাড়ে ১৪ হাজার বন্যার্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
সিলেট জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে আশ্রয়কেন্দ্র আছে ২২১টি। এগুলোতে আশ্রিতের সংখ্যা ১৪ হাজার ৬০১। তবে মানুষ বাড়ি ফিরছে।
এই ভয়ংকর বন্যার ছোঁবলে ক্ষতিগ্রস্ত হয়েছে, ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩টি পরিবার। মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২৯ লাখ ৯৯ হাজার ৪৩৩। সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ৪০ হাজার ৯১টি।
এ পর্যন্ত বরাদ্দ এসেছে, চাল ২ হাজার ১১২ মেট্রিক টন ও শুকনো খাবার ২০ হাজার ২১৮ প্যাকেট।
নগদ বরাদ্দ এসেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২ কোটি ৯২ লাখ টাকা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার ও মেরামতের জন্যে ৫ কোটি টাকাসহ মোট ৫ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া শিশুখাদ্যের জন্যে ১০ লাখ টাকা ও গো-খাদ্যের জন্যে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে।
সর্বশেষ ২ হাজার বান্ডিল ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ ৬০ লাখ টাকা বরাদ্দ এসেছে।
ইতোমধ্যে বিতরণ করা হয়েছে, ১ হাজার ৯২৮ মেট্রিক টন চাল, ২০ হাজার ২১৮ প্যাকেট শুকনো খাবার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ২ কোটি ৭২ লাখ টাকা এবং প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া শিশুখাদ্য ও গো-খাদ্যের জন্যে বরাদ্দ পাওয়া ২০ লাখ টাকাও বিতরণ করা হয়েছে।