বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৭ শতাধিক পরিবারকে গরুর মাংসসহ খাদ্য সহায়তা দিয়েছে।
এছাড়া ৬ শতাধিক বানভাসি মানুষকে গরু ও মুরগীর মাংস দিয়ে আপ্যায়ন করা হয়।
সেনাবাহিনীর এমর ব্যতিক্রমী উদ্যোগ এই বিপুল সংখ্যক অসহায় মানুষকে কেবল যে ঈদের আনন্দ উপভোগের সুযোগ করে দেয় তাই নয়-আবেগ আপ্লুতও করে। একই সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর সাহসও যুগিয়েছে।
রবিবার ঈদুল আযহার দিন জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নে ইসলাম ধর্মাবলম্বী ৭ শতাধিক পরিবারকে গরুর মাংসসহ খাদ্য সহায়তা দেন।
এছাড়াও সেনাবাহিনীর গোয়াইনঘাট ক্যাম্পের উদ্যোগে ও ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো আশরাফ আহমেদের নেতৃত্বে বিভিন্ন ধর্মাবলম্বী ৬ শতাধিক মানুষের জন্যে গোয়াইনঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরু ও মুরগীর মাংস সহকারে আলাদা আলাদাভাবে দুপুরে আপ্যায়নের আয়োজন করা হয়।
এছাড়া ঈদ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আর্মি ক্যাম্পের উদ্যোগে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, ব্রিগেডিয়ার জেনারেল মো সালাহউদ্দিন আহমদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, লে কর্নেল মুহাম্মদ মহসিনুল হক কবির, লে কর্নেল ফয়েজুল আরেফিন, স্টাফ কর্নেল গোলাম কিবরিয়া জামান, এসপিপি, এএসডব্লিউসি, পিএসসি, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম প্রমুখ।