নিজস্ব প্রতিবেদক : সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহা যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে।
মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব উদযাপনে রবিবার সকালে ঈদগা বা খোলা মাঠে এবং কোন কোন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর মোনাজাতে কামনা করা হয়, দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি। নামাজ শেষে সামর্থবানরা নিজ নিজ সামর্থ অনুযায়ী পশু কোরবানি দিচ্ছেন। ঈদুল আযহাকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়।
সিলেটে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে সকাল ৮টায়। জামাতের আগে বয়ান পেশ করেন ও নামাজে ইমামতি করেন, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো আবু হোরায়রা। এছাড়া পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান সহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন।
এছাড়াও হযরত শাহজালাল (র) দরগা, হযরত শাহপরান (র) দরগা, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দান, কালিঘাট নবাবী জামে মসজিদ, টিলাগড় শাহ মদনী ঈদগা, কায়েস্থরাইল জামে মসজিদ, বারখলা জামে মসজিদ ও সিলাম শাহী ঈদগা ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।