নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটের পুরাতন কারাগারের পুরো জায়গাজুড়ে দৃষ্টিনন্দন উদ্যান গড়ে তোলা হবে।
শুক্রবার দুপুরে ভারত সরকারের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন ধোপাদিঘির উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, সিলেট মহানগরীর ঐতিহ্যের স্মারক ধোপাদিঘি বেদখল হয়ে গিয়েছিল। সিসিক তা উদ্ধার করে আকর্ষণীয় ওয়াকওয়ে নির্মাণ করেছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে হাঁটতে আসেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জলাশয় দখল করা পছন্দ করেন না। সিলেটের পুরাতন কারাগার একটি ঐতিহাসিক নিদর্শন। কারণ এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অন্তরীণ রাখা হয়েছিল। যে কক্ষে তাকে রাখা হয়েছিল সেটাকে স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হবে। এখানকার ফাঁসির মঞ্চটিও ঐতিহাসিক গুরুত্ববহন করে। এখানে দেশের একমাত্র মহিলা করিমুন্নেছাকে ফাঁসি দেওয়া হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, ওয়াকওয়েতে নিরাপত্তার জন্যে আলোর ব্যবস্থা করতে বিদ্যুলাইন টানতে খুঁটি বসানো হচ্ছে। এ অবস্থায় বর্তমান কারাপ্রাচীরের বাইরে নতুন প্রাচীর নির্মাণের প্রয়োজন দেখিয়ে বিদ্যুতায়ন কাজ ব্যাহত করার কোন যুক্তি নেই। কারা কর্তৃপক্ষের এ ধরনের প্রকল্প খামোখাই সরকারের টাকা নষ্ট করা ছাড়া কিছু নয়।
তিনি এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করার আশ্বাস দেন।
এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো মজিবর রহমান ও সিসিক কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।