নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও সবাই মিলে যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি সে জন্যেই সর্বস্তরের-সকল পেশার মানুষকে ত্রাণের সঙ্গে ঈদ উপহারও দেওয়া হচ্ছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সিলেটের একশ নারী-পুরুষ বাউল শিল্পীদেরকে ত্রাণসামগ্রী ও ঈদ উপহার প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক জানান, ইতোমধ্যে বিভিন্ন পেশার অনেক মানুষকে ত্রাণের সঙ্গে ঈদ উপহার দেওয়া হয়েছে। আরও দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত প্রথমপর্যাযের অর্থ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার ও মেরামতের জন্য পরিবার প্রতি ১০ হাজার টাকা প্রাপকদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা ও সহকারী কমিশনার (মিডিয়া) আহসানুল আলম।