গোলাপগঞ্জ কানাইঘাট ও বিয়ানীবাজারে ঘরবাড়ি মেরামতে টাকা পাচ্ছেন ১৪৩৫ জন

প্রকাশিত July 6, 2022
গোলাপগঞ্জ কানাইঘাট ও বিয়ানীবাজারে ঘরবাড়ি মেরামতে টাকা পাচ্ছেন ১৪৩৫ জন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ভয়াবহ বন্যায় সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার বা মেরামতের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অর্থ বিতরণ চলছে।
বিতরণ কর্মসূচির দ্বিতীয়দিন বুধবার সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান গোলাপগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার উপজেলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির মালিকদের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেন।
গোলাপগঞ্জ উপজেলায় ৪৯০ জন, কানাইঘাট উপজেলায় ৪৫০ জন ও বিয়ানীবাজার উপজেলায় ৪৯৫ জন এই টাকা পাচ্ছেন, যা দিয়ে ঘরবাড়ি সংস্কার বা মেরামত করতে হবে।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে সিলেট জেলার ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার বা মেরামতের জন্যে প্রথম পর্যায়ে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার জেলা প্রশাসক সিলেট সদর উপজেলার দলদলি চা বাগান এলাকায় ৯ জনকে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার বা মেরামতের জন্যে ৯০ হাজার টাকা প্রদান করেন।