পলি রায়, সুনামগঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিলেট অঞ্চলে দ্বিতীয় দফা বন্যার ভয়াবহতা সম্পর্কে সরকার আগে ধারণা পেয়েছিল। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেনা মোতায়েন করেন। গ্রহণ করেন যথযাথ পদক্ষেপ। ফলে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও ত্রাণ কার্যক্রম নিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্মন্ত্রী বলেন, বিএনপি নেতারা বলে বেড়াচ্ছেন, সরকার বন্যার্তদের পাশে না থেকে শুধুমাত্র টেলিভিশনে বিবৃতি দিচ্ছে। তারা বন্যার পরেই সরকার পতনের একদফা আন্দোলনে যাবেন। এটা তাদের দিবাস্বপ্ন। জনগণ তাদেরকে পরিত্যাগ করেছে।
তিনি বলেন, বিএনপি নেতারা অনেক কথাই বলেন; কিন্তু বাস্তবতার সঙ্গে এসব কথার কোন মিল নেই। সরকার কি করছে তা জনগণ দেখছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকার প্রধান বন্যাকবলিত এলাকায় এসেছেন। এসেছেন সেনাপ্রধান। প্রধানমন্ত্রী সকল মন্ত্রী ও সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বলেই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাকর্মী ও জনগণ মিলে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পৌরসভার মেয়র নাদের বখত ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন। এছাড়াও সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের সামনে ও সোনাপুরে বেদেপল্লীতে ত্রাণসামগ্রী বিতরণ করেন।