নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান জানিয়েছেন, বন্যার পানি কমছে আর পানি সরে গেলেই শুরু হবে পুনর্বাসন কার্যক্রম। তবে অগ্রাধিকার হিসেবে এই মুহূর্তে প্রয়োজন বাড়িঘর মেরামত বা নির্মাণ করা, যাতে মানুষ ঘরে ফিরতে পারে।
বুধবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জেলা প্রশাসক জানান, এবারের বন্যায় জেলায় প্রায় ৪০ হাজার কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এই হিসাব প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আশা করছেন, ঈদের আগেই ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসন সংক্রান্ত নির্দেশনা ও বরাদ্দ চলে আসবে।
উল্লেখ্য, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সিলেট সিটি কর্পোরেশনসহ জেলার ১৩ উপজেলা ও ৫ পৌরসভা আক্রান্ত হয়। প্রায় ৩০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। মোট ৬১৪টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেন ২ লাখ ৫২ হাজার ৭৮৪ জন। প্রত্যক্ষভাবে গ্রামীণ জনপদের ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩টি পরিবার বিভিন্নভাবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
সিলেট সিটি কর্পোরেশন ছাড়া ১৩ উপজেলায় ৪০ হাজার ৯১টি কাঁচা ঘরবাড়ি আংশিক/ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর ঘরবাড়ি নির্মাণ ও মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বা অনুদানের জন্য আবেদন জানানো হয়েছে।
এ দিকে জেলা প্রশাসক মো মজিবর রহমান সকালে বন্যাকবলিত বালাগঞ্জ উপজেলা পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
বন্যার্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে বলেন, সরকার থেকে সবাইকে সবধরনের সহযোগিতা করা হচ্ছে।