হেনা মমো : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরীতে এবার ৬টি অস্থায়ী পশুরহাটের অনুমোদন দেওয়া হচ্ছে।
বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন ও অস্থায়ী পশুর হাট স্থাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত, অতিরিক্ত উপপুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার, সিলেট সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা মো মতিউর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আতিক হোসেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব প্রমুখ। এছাড়াও কয়েকজন উপজেলা নির্বাহী কর্মাকর্তা অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
সিসিক মহানগরীতে ৮টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে জায়গার পরিসর, যোগাযোগ ব্যবস্থা ও যানজট সহ বিভিন্ন দিক বিবেচনা করে ৬টির অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ২৭টি অস্থায়ী পশুর হাটের প্রস্তাব আসে। এগুলো সম্পর্কে বৃহস্পতিবার সিদ্ধান্ত চূড়ান্ত করে মহানগরীসহ সারা জেলার অস্থায়ী পশুর হাটের তালিকা প্রকাশ করা হবে।
প্রস্তুতিমূলক সভাশেষে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, অনুমোদন ছাড়া কোথাও অস্থায়ী পশুর হাট বসানো যাবেনা। যদি একান্তই বসাতে হয় তাহলে পরিবেশ, পরিস্থিতি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে অনুমোদন দেওয়া হতে পারে।