নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বন্যাদুর্গত এলাকায় কৃষকদের ঋণের সুদ মওকুফ ও আগামী ৬ মাস ঋণের কিস্তি না নিতে এনজিওগুলোর প্রতি আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সোমবার সারাদিন সিলেটের বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ শেষে বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
এর আগে সিলেটের সাংবাদিকদের পক্ষ থেকে তার দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করে বলা হয়, সিলেট অঞ্চলের কৃষকরা পরপর দু’দফা বন্যার ছোঁবলে নিঃস্ব হয়ে গেছেন। তাই নতুন করে চাষাবাদের জন্যে তাদের ঋণ প্রয়োজন। অনেকে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিচ্ছেন। কারও কারও আগের ঋণ আছে। ঋণদাতারা কিস্তি আদায় ও সুদ পরিশোধে প্রচণ্ড চাপ দেয়। এমনকি তাদেরকে হেনস্তাও করে থাকে। তাই তারা যাতে কোন ধরনের হয়রানির শিকার না হন সেদিকে সরকারকে খেয়াল দিতে হবে।
মাহবুব উল আলম হানিফ এ বিষয়ে একমত পোষণ করেন। একই সঙ্গে সহজ শর্তে সরকারি-বেসরকারি উৎস থেকে কৃষকদেরকে ঋণ দেওয়ারে গুরুত্ব আরোপ করেন।